চোটের কারণে মুশফিকুর রহিম থাকতে পারছেন না, তাঁকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু দল ঘোষণার একদিন পরই এল আরেক দুঃসংবাদ, চোটের কারণে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে।
আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হন শান্ত। তবে সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান লেগে মাঠ ছেড়ে যান তিনি। সেই চোটই তাকে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের বাইরে রাখছে বলে জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডের বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরি জানান, শারজাহ থেকে দেশে ফিরে আপাতত পুনবার্সন চলবে শান্তর।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিই বাংলাদেশের শেষ সিরিজ। সফরে দুই টেস্টের সিরিজের পর তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির দুটি সিরিজও খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু আগামী ২২ নভেম্বর, অ্যান্টিগাতে। ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট, সেটি হবে জ্যামাইকায়।

0 Comments